পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ

নিউজ ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গে সব স্কুল-কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১০ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান। আনন্দবাজার পত্রিকা

নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আমি আবেদন জানিয়েছি রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানা বন্ধের জন্য। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছি। আমাদের সঙ্গে তিন দিকে এই সীমানা রয়েছে। অনেকে বাইরে থেকে ঢুকে পড়ার চেষ্টা করছেন। তাই এটি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এছাড়া আন্তর্জাতিক বিমানের ওঠানামা এবং দূরপাল্লার ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখতে কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছি।’ মুখ্যমন্ত্রী বলেন, লকডাউন চলাকালীন আগামী দিনেও অনলাইন ফুড ডেলিভারি চালু থাকবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা থাকবে। কিন্তু রাস্তাঘাটে অযথা কেউ জমায়েত হতে পারবেন না। তিনি বলেন, আগামী দুই সপ্তাহ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সকলকে বাড়িতে থাকতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা মোকাবিলায় জিডিপির ১০ শতাংশ খরচ করছে আমেরিকা। ইংল্যান্ড ১৫ শতাংশ এবং জাপান ২০ শতাংশ খরচ করছে। তাই প্রধানমন্ত্রীকে জিডিপির ৬ শতাংশ খরচ করার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, দেশের অসংগঠিত এবং ক্ষুদ্রশিল্পের জন্য প্রধানমন্ত্রীর কাছে ২৫ হাজার কোটি টাকা চেয়েছি। জিএসটি বাবদ বকেয়া ২ হাজার ৫০০ কোটি টাকা মিটিয়ে দিতে বলেছি কেন্দ্রকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.