নিজস্ব প্রতিনিধি।।
১৮ মার্চ চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমল হোসেনকে যুবলীগের এক নেতা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আকতার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমানসহ পাঁচজন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগে তদন্ত করতে আসা একটি দলও ঘটনাস্থলে উপস্থিত ছিল। ওই তদন্ত প্রভাবিত করতেই চার-পাঁচজনের দলটি বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকেছিল বলে অভিযোগ।
শিক্ষক আজমল হোসেনের ভাষ্য, তিনি বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের সামনে চেয়ারে বসে ছিলেন। এ সময় জিলহাজ নামের এক যুবক এসে তাঁর নাম জানতে চান। তিনি কেন নাম বলবেন, এমন কথাবার্তায় জিলহাজ তাঁকে থাপ্পড় মারতে উদ্যত হন এবং বলেন, ‘থাপ্পড় মেরে তোর গাল ফাটিয়ে দেব। তুই স্কুল থেকে বের হয়ে আয়। তোকে আমি দেখে নেব।’ এ সময় তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন। তখন বিদ্যালয়ে জিলহাজের সঙ্গে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমানসহ চার-পাঁচজন ছিলেন।
এ ঘটনায় আজমল হোসেন ঐদিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
