এইমাত্র পাওয়া

শিক্ষক বহিস্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

রোববার বিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থী প্রিন্স বালা, কংকন বৈদ্য, রথীন মজুমদার বক্তব্য দেয়।

শিক্ষার্থীরা বলে, আমাদের শ্রদ্ধেয় স্যার জগদীশ চন্দ্র হালদারকে মিথ্যা অপবাদ দিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি অবৈধভাবে বহিস্কার করেছে। যে পর্যন্ত স্যারকে ক্লাস করার অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাবো।

অভিযুক্ত শিক্ষক জগদীশ চন্দ্র হালদার বলেন, এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করিনি।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি অতনু হালদারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

প্রসঙ্গত, গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ এনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে সাময়িক বহিস্কার করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.