মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
” Mathematics is Everywhere” সর্বক্ষেত্রে গণিত – প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন করা হয়েছে।
১৪ মার্চ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবনে উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এই দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসের কর্মসূচি থেকে প্রগতিশীল সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের গাণিতিক জ্ঞান অর্জনের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর ড. নূরুল আলম খান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. শওকাত আলী, আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম,রিসার্চার কাজী বাশার, বাংলাদেশ গণিত সমিতির সদস্য মোঃ জিয়াউর রহমান প্রমূখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য আখতারুজ্জামান গণিতকে বিজ্ঞানের ভাষা হিসেবে বর্ণনা করে বলেন, সহজভাবে উপস্থাপনের মাধ্যমে গণিতকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। বিজ্ঞানভিত্তিক প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের অবশ্যই গাণিতিক জ্ঞান অর্জন করতে হবে। এধরণের কর্মসূচি মানব সভ্যতার উন্নয়নে কাজ করার ক্ষেত্রে গবেষক ও গণিতবিদদের জন্য একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী সেমিনার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশিষ্ট গণিতবিদ মুনিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে ছয়টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন দেশের সেরা ছয়জন গণিতবিদ। সেমিনারে ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে গণিত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ‘বাস্তব জীবনে গণিতের ব্যবহার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. আবদুল আলীম, ‘প্রকৌশলীদের জন্য গণিত’ শীর্ষক প্রবন্ধ একই বিভাগের উপস্থাপন করেন প্রফেসর ড. আবদুল হাকিম খান, ‘চিকিৎসা বিজ্ঞানে গণিতের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. কামরুজ্জামান এবং ‘গণিতের সৌন্দর্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের সহযোগী প্রফেসর মো. কুতুব উদ্দিন।
সমিতির সভাপতি প্রফেসর নূরুল আলম খানের সভাপতিত্বে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ফ্রান্সের উপ-রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক গ্রাটজম্যাচার টকুর্ট। বিশেষ অতিথি ছিলেন গণিতবিদ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ফ্র্যাঙ্ক গ্রাটজম্যাচার টকুর্ট বলেন, বর্তমান প্রজন্মও তাদের পূর্বপুরুষদের মতো গণিতে মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। এটা আমাদের জন্য আশার কথা। তিনি বলেন, ২০১৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশের একজন গণিতবিদ ড. নাসিমুন্নাহার গণিতে অবদান রাখায় আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৮০ জনের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ৫ জনকে ক্রেস্ট ও সনদ বিতরণ এবং দ্বিতীয় ৫ জনের মধ্যে সনদ বিতরণ করা হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো আরটিভি, সমকাল,নিউ এইজ, ক্যাম্পাস লাইভ টুয়েন্টি ফোর ডটকম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
