শিক্ষাবার্তা ডেস্ক :
আদালতে নিষেধাজ্ঞা থাকায় ৪০ জেলার নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। তবে দেশের বাকি ২১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ থেকে তাদের পদায়ন শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আদালতে মামলা দায়ের করায় দেশের ৩৮ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। ঠাকুরগাঁও এবং লক্ষ্মীপুর জেলার নিয়োগে কোটা অনুসরণ না করায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এ কারণে মোট ৪০ জেলায় এ নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখার সহকারী সচিব এস এম রকিবুল ইসলাম বলেন, নিয়োগে কোটা অনুসরণ হয়নি অভিযোগে ৪০ জেলায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে এসব জেলায় নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এদিকে দেশের ২১ জেলায় যোগদান সম্পন্ন ও পদায়ন কার্যক্রম শুরু হওয়ায় অন্য জেলায় চূড়ান্তভাবে পাশ করা প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। নির্ধারিত সময়ে যোগদান করতে না পারায় তারা চরম হতাশা ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। যোগদান করতে পারবে কি না এমন দুচিন্তায় তাদের সময় কাটছে বলে জানিয়েছেন বিভিন্ন জেলার যোগদানের জন্য অপেক্ষমাণ প্রার্থীরা।
তবে চূড়ান্ত ফলাফলে নির্বাচিত সকলে যোগদান করতে পারবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। তিনি বলেন, আদালতে দায়ের হওয়া সকল মামলার স্থগিতাদেশের জন্য আমরা উচ্চ আদালতে আপিল কার্যক্রম শুরু করেছি। নিয়োগ বিধিমালা অনুসরণ করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তাই আমরা আশা করি দ্রুত সকল মামলার স্থগিতাদেশ আসবে। এরপরেই সকলকে যোগদান ও পদায়ন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
