চাকরি না পেয়ে কলা চাষ, স্বপ্নও ভেঙে দিলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক।।

চাকরি না পেয়ে কলা চাষ শুরু করেছিলেন নাটোরের নলডাঙ্গা উপজেলায় আবু তালেব। তবে চাষ করা সেইসব কলা গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলার কুটুরিপাড়া দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। আবু তালেবের ১২০টি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান আবু তালেব। ক্ষতিগ্রস্ত চাষি আবু তালেব সরদার ওই গ্রামের মৃত আবু তাহের সরদারের ছেলে।

ক্ষতিগ্রস্ত চাষি আবু তালেব সরদার বলেন, লেখাপড়া শেষ করে কোনো চাকরি না পেয়ে পৈতৃক সূত্রে পাওয়া কুটুরিপাড়া মাঠে ১০ শতক জমিতে ১২০টি কলাগাছ লাগাই। প্রতিটি কলাগাছে বড় বড় সাইজের কলা ধরেছে। কলাগুলো বাজারে বিক্রি করলে ৭০-৮০ হাজার টাকা পেতাম।

কিন্তু শনিবার রাতে বাগানের ৮০টি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বাকি ৪০টি গাছের কলা কেটে মাটিতে ফেলে রেখে যায় তারা। আবু তালেব আরো বলেন, আমার সঙ্গে কারো শত্রুতা নেই।

কারা এমন কাজ করেছে আমি জানি না। আমার এতদিনের স্বপ্ন শেষ করে দিল তারা। এসব কথা বলে কেঁদে ফেলেন আবু তালেব। নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.