সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল বশেমুরকৃবি শুভসংঘ

অনলাইন ডেস্ক :

নতুন বছরের জানুয়ারি মাসের ১ম দিনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শুভসংঘ কমিটির শুভার্থীরা শুরু করেছিলেন কিছু সুবিধাবঞ্চিত শিশুকে স্কুলে ভর্তি করিয়ে। সেই সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে নতুন বছরের জানুয়ারি মাসটির সমাপ্তি করলেন বশেমুরকৃবি শুভসংঘের শুভার্থীরা। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে মো. পারভেজ (৩য় শ্রেণি), আরিফা আক্তার (১ম শ্রেণি), মোছা. মরিয়ম (৩য় শ্রেণি), মো. স্বপন মিয়া (২য় শ্রেণি, জান্নাত আকতার লাভলী (৯ম শ্রেণি) – বশেমুরকৃবি শুভসংঘের বন্ধুদের প্রচেষ্টায় ভর্তি হয়।

শিক্ষা উপকরণ হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি। উপকরণ হাতে পেয়ে তাদের উচ্ছ্বাস ছিলো দেখার মতো। তারা সবাই অত্যন্ত আনন্দের সাথে উপকরণগুলো গ্রহণ করে এবং একই সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয় অত্যন্ত ভালোভাবে পড়াশুনা করে উজ্জ্বল করবে তাদের পরিবার, সমাজ তথা দেশ। এবং সেই সাথে আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়, যে ভবিষ্যতে ছাত্রজীবন শেষে নিজেরাও এমন মহৎই উদ্যোগ নিবে দেশের কল্যাণার্থে। এ প্রসঙ্গে বশেমুরকৃবি শুভসংঘ শাখার সভাপতি অসীম কুমার দাস বলেন “যে কোনো মহৎ কাজের পেছনে ইচ্ছেশক্তিটাই অনেক বড় একটা পুঁজি।

আজকের শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে আমরা জানিনা কতটুকু মহৎ কাজ করতে পেরেছি, কিন্তু যেটুকু করেছি তা আমাদের সাধ্যের মধ্যে থেকেই সকল শুভার্থী বন্ধুদের সহযোগিতায় করেছি। ভবিষ্যতে এ ধরনের কাজগুলো আমরা আরও বেশি বেশি করার চেষ্টা করবো।”

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জয় বাংলা প্রাঙ্গণে সবাই মিলে একটি গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.