শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি জানিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, প্রশ্ন ফাঁসের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না। তাই প্রশ্নফাঁসের গুজবে কান দেয়া যাবে না। গুজব ছড়িয়ে মানুষের সঙ্গে যারা প্রতারণার ফাঁদ তৈরি করে, তাদের পাতা ফাঁদে পা দেয়া যাবে না। বুধবার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, ছেলে-মেয়েরা যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, মনযোগ দিয়ে পড়াশোনা করে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। তারা যাতে ঠিকঠাকভাবে পরীক্ষার প্রস্তুতি নেয় সেদিকে বাবা-মাকে যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি। আরও বলেন, বড় পরিসরের এই পাবলিক পরীক্ষায় সন্তানরা অনৈতিক কোনো কিছুর সঙ্গে যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখভাল করতে হবে।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। প্রতিটি বোর্ড এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এবার অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দর পরিবেশে, নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
