নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে NTRCA (Non-Government Teachers’ Registration and Certification Authority)-এর সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে “সচেতন শিক্ষক সমাজ”।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান—প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক—একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তাদের দক্ষতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে শিক্ষার মান, শিক্ষার্থীদের অর্জন এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ।
বক্তারা বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগের কারণে শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন না হওয়ায় প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে আছে। এর ফলে শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে থাকলেও বর্তমানে এডহক কমিটি দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যেই NTRCA প্রতিষ্ঠান প্রধান নিয়োগের উদ্যোগ নেওয়ায় প্রশ্ন উঠেছে প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে।
বক্তারা আরও জানান, NTRCA-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১১৯ জন শিক্ষক হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট প্রাথমিকভাবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা স্থগিতের পক্ষে রায় দিলেও পরে চেম্বার জজ আদালত সেই রায় স্থগিত করেন। এর পরপরই গত ১৮ এপ্রিল তড়িঘড়ি করে পরীক্ষা গ্রহণ করা হয়, যা নিয়ে শিক্ষক সমাজে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, NTRCA মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদানের জন্য প্রতিষ্ঠিত। কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হয়ে পড়েছে, যা আইনের পরিপন্থী বলে দাবি করেন বক্তারা। এছাড়া, NTRCA-এর মাধ্যমে নিয়োগ পাওয়া কিছু শিক্ষকের বিরুদ্ধে জাল সনদের অভিযোগও তুলে ধরা হয়।
সচেতন শিক্ষক সমাজের নেতারা প্রশ্ন তোলেন, “যে প্রতিষ্ঠানের মাধ্যমে জাল সনদ বিতরণের অভিযোগ রয়েছে, সেই প্রতিষ্ঠান কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে?”
তাদের প্রধান দাবিগুলো হলো:
# NTRCA-এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সিদ্ধান্ত বাতিল
# ইতোমধ্যে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল
# দ্রুত গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠন
# কমিটির মাধ্যমে স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ
সংবাদ সম্মেলনের শেষে সংগঠনটির পক্ষ থেকে আহবায়ক আ: আওয়াল বলেন, “যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এতে শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে এবং জাতি উপকৃত হবে।”
আরও উপস্থিত ছিলেন ড. সৈয়দুজ্জামান, আলমগীর হোসেন, মাইনুদ্দিন, আবুল বাসার, শাহানাজ পারভিন, তুহিন, হাওলাদার আবুল কালাম আজাদ, এ এইচ এম সায়েদুজ্জামানসহ অনেকে।
সংগঠনটি তাদের দাবির পক্ষে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানায়।
শিক্ষাবার্তা /এ/ ০৬/০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
