এইমাত্র পাওয়া

তালতলীতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষার অভিযোগ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক।। 

বরগুনার তালতলীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রবিবার (৩ মে) গণিত পরীক্ষায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী মোছাম্মৎ নাইমা তালুকদার উপজেলার বড়বগি ইউনিয়নের পূর্ব সওদাগরপাড়া গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে।

তিনি তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হিসেবে ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গণিত পরীক্ষার সময় অন্য শিক্ষার্থীরা সময়মতো প্রশ্নপত্র পেলেও নাইমাকে শুরুতে প্রশ্ন দেওয়া হয়নি। প্রায় পাঁচ মিনিট পর দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক অন্য হল থেকে একটি প্রশ্নপত্র এনে দেন। পরে জানা যায়, সেটি ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার প্রশ্ন না হয়ে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক অনিয়মিত প্রশ্নপত্র ছিল।

বিষয়টি বুঝতে না পেরে তিনি ওই প্রশ্নেই পরীক্ষা দেন।
পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে সিলেবাস মিলিয়ে ভুলটি বুঝতে পেরে নাইমা ভেঙে পড়েন। এ বিষয়ে হল সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়।

তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বলেন, নাইমা তাদের নিয়মিত শিক্ষার্থী হলেও তাকে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে।

একই কেন্দ্রে তার আরেক শিক্ষার্থী জান্নাতির ক্ষেত্রেও প্রশ্নপত্রের সেট বিভ্রাটের অভিযোগ রয়েছে।
তবে কেন্দ্রের হল সচিব মাওলানা শফিকুল ইসলাম দাবি করেন, অনিয়মিত প্রশ্ন দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর রোল নম্বরসহ বোর্ডে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুত্র: বিডি প্রতিদিন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.