জাবিতে পাখি মেলা ২৪ জানুয়ারি

“পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন” স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাখি মেলা ২০২০। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের আয়োজনে ২৪ জানুয়ারি (শুক্রবার) দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা ( পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনী), আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা ( অডিও-ভিডিও এর মাধ্যমে) ও পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

মেলার আহ্বায়ক প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, ” গত দেড় দশক ধরে পাখি বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে পাখি মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ” প্রসঙ্গত, পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০০১ সাল থেকে নিয়মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন করা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.