এইমাত্র পাওয়া

হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ফ্লাইট শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে শুরু হবে। আগামী দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

শিক্ষাবার্তা /এ/ ১২/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.