নিউজ ডেস্ক।।
দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে শিশুদের নিয়মিত টিকাদানে তৈরি হওয়া ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গতকাল বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা কার্যালয় লিখিতভাবে এ তথ্য জানায়।
সংস্থাটি জানিয়েছে, গত দুই বছরে টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ইতোমধ্যে দেশের ৫৬ জেলায় হাম ছড়িয়ে পড়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যোগাযোগের পর তারা সর্বশেষ হালনাগাদ তথ্য তুলে ধরে।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশই দুই বছরের কম বয়সী শিশু, আর ৩৪ শতাংশের বয়স ৯ মাসের নিচে যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়সগোষ্ঠীর উচ্চ সংবেদনশীলতার ইঙ্গিত দেয়।
সংস্থাটি জানায়, ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সংক্রমণ ছড়িয়েছে ৫৬টি জেলায়, তবে রাঙামাটি, বাগেরহাট, মেহেরপুর, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড় ও বান্দারবানে এখনো হাম শনাক্ত হয়নি।
বর্তমানে প্রতি ১০ লাখ জনসংখ্যায় সংক্রমণের হার প্রায় ১৬ দশমিক ৮ যা দেশব্যাপী বিস্তারের স্পষ্ট লক্ষণ বলে উল্লেখ করেছে সংস্থাটি। যদিও ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই হার নিয়ন্ত্রণে ছিল (প্রতি ১০ লাখে ১-এর নিচে), সম্প্রতি তা হঠাৎ বেড়ে গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
