নিজস্ব প্রতিবেদক।।
রাজশাহীর তানোর উপজেলার জুমার পাড়া এলাকায় একমাত্র প্রবেশপথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রোকন উদ্দীন মোল্লার বিরুদ্ধে। এতে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থেকে শেষমেশ বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নির্বাচনের পরদিন তিনি বিদ্যালয়ের গেটসংলগ্ন স্থানে কাঁটাতারের বেড়া দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৮ সালে বাধাইড় ইউনিয়নের জুমার পাড়ায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ইউনিয়নের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের গেটসংলগ্ন প্রায় ১১ ফুট জায়গা ব্যবহার করে আসছে কর্তৃপক্ষ। অভিযোগ, মুন্ডমালা-আমনুরা সড়কের পাকা রাস্তা থেকে ওই ১১ ফুট জায়গা নিজের দাবি করে সেখানে দোকানঘর নির্মাণের পরিকল্পনা করেন রোকন উদ্দীন মোল্লা এবং গেটের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইউরেকা খাতুন বলেন, “স্কুল প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়ক থেকে ১১ ফুট জায়গা ছেড়ে গেট করা হয়েছে। এখন ওই জায়গায় দোকানঘর করার কথা বলে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী কেউই ভেতরে প্রবেশ করতে পারিনি।”
এ বিষয়ে তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক জানান, সংশ্লিষ্ট জায়গাটি রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি বলে দাবি করা হয়েছে। তিনি বলেন, “বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে।”
পরে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের পেছনের একটি সরু গলি দিয়ে ভেতরে প্রবেশ করলেও অধিকাংশ শিক্ষার্থী দীর্ঘ সময় অপেক্ষার পর বাড়ি ফিরে যায়।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শিক্ষাবার্তা /এ/১৬/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল