নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশে স্থায়ী পদধারী কর্মকর্তা হিসেবে পরিচালককে পরিষদের সদস্য সচিব করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়াও কিছু সংজ্ঞায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার স্বার্থে প্রস্তাবিত অধ্যাদেশ দুইটিতে ২১ জন সদস্য বহাল রেখে নতুন ৪ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এ অধ্যাদেশ জারি করা হয়।
এই অধ্যাদেশের নাম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ, ২০২৬ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ, ২০২৬।
অধ্যাদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা দেয়ার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সৃষ্টি করা হয়। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট পৃথক দু’টি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়।
পরিচালনা পর্ষদ কর্তৃক ইতঃপূর্বে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠান দু’টির স্থায়ী তহবিলের টাকা জাতীয়করণকৃত ব্যাংকে জমা না করে বেসরকারি দুর্বল ব্যাংকে জমা রাখা, ভুয়া ইনডেক্স সৃষ্টি, একই ইনডেক্স এর বিপরীতে একাধিকবার অবসর সুবিধা দেয়াসহ বিভিন্ন অনিয়ম সংগঠিত হয়। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বিশেষ নিরীক্ষার ব্যবস্থা করা হয়। নিরীক্ষার মাধ্যমে এসব অনিয়ম চিহ্ণিত করা হয়। নিরীক্ষা প্রতিবেদনের অনিয়ম চিহ্নিত করার পাশাপাশি বোর্ডের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অস্থায়ী পদধারীর পরিবর্তে একজন স্থায়ী পদধারী কর্মকর্তাকে অর্থ উত্তোলনের ক্ষমতা ন্যস্ত করার সুপারিশ করা হয়েছে।
তার প্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রস্তাবিত অধ্যাদেশে স্থায়ী পদধারী কর্মকর্তা হিসেবে পরিচালককে পরিষদের সদস্য সচিব করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, কিছু সংজ্ঞায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার স্বার্থে প্রস্তাবিত অধ্যাদেশ দুইটিতে বিদ্যমান ২১ জন সদস্য বহাল রেখে নতুন ৪ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারা হলেন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা যিনি এই বিভাগের কর্তৃক মনোনীত হবে। অবসর সুবিধা বোর্ড, কল্যাণ ট্রাস্টের পরিচালক যিনি তার সদস্য সচিবও হবেন।
চলতি জানুয়ারির ২ তারিখ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অফিস নতুন ঠিকানায়। অফিস স্থানান্তর এবং ভাড়াচুক্তি সম্পাদনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই ২রা জানুয়ারি থেকে এই প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম রাজধানীর রমনার ইস্কাটক গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার ভবনে পরিচালিত হবে। একই ভবনের ৪ তলায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় রয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সুবিধা বোর্ডের পরিচালক ও কল্যাণ ট্রাস্টের সচিবকে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, ওয়েজ আর্নার্স বোর্ডের নির্ধারিত হারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অফিসের জন্য বাড়ি ভাড়ার জন্য অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দকৃত ভবনে অনুমোদিত স্পেসে অফিস স্থানান্তর এবং ভাড়ার চুক্তিপত্র সম্পাদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দেয়া হলো।
এর আগে রাজধানীর নীলক্ষেতের ব্যানবেইস ভবন থেকে এই প্রতিষ্ঠান দুটি সরানো হয়। ব্যানবেইসের ভবনে কর্মকর্তা থেকে শুরু করে অবসরে যাওয়া সিনিয়র শিক্ষকদের বসার তেমন জায়গা নেই। তাছাড়া ভবনটি ব্যানবেইসের। সেখানে ভাড়া করে কার্যক্রম পরিচালনা করছিল অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট। সার্বিক দিক বিবেচনায় তাদের কার্যক্রম নীলক্ষেত থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
