এইমাত্র পাওয়া

ইসির চিঠি: টিভি অনুষ্ঠানে কাউকে ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি নিষিদ্ধ

ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনী সংলাপ ও প্রচার-প্রচারণায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রার্থীকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য বা কটূক্তি করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৭ ডিসেম্বর) এ বিষয়ে ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিকের সই করা একটি চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী অনুষ্ঠান ও আলোচনায় শালীনতা বজায় রাখা এবং আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে তথ্য প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ দেওয়ার বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন।

ব্যক্তিগত আক্রমণের বিষয়ে উল্লেখ করে চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় উল্লেখ রয়েছে, গণমাধ্যমে নির্বাচনী সংলাপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারবেন না।

এ বিষয়ে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটূক্তি প্রচার না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading