এইমাত্র পাওয়া

৪৬তম বিসিএস: কারিগরি ত্রুটিতে বাদ পড়া ৮ জনকে উত্তীর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।। 

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে বাদ পড়া আট পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘কারিগরি ত্রুটি’র কারণে তাদের রেজিস্ট্রেশন নম্বর ফলাফলের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। 

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলে প্রযুক্তিগত সমস্যার কারণে আটটি রেজিস্ট্রেশন নম্বর বাদ পড়ে যায়। বিষয়টি নজরে আসার পর যাচাই–বাছাই শেষে নম্বরগুলো সঠিক প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। তাদের রেজিস্ট্রেশন নম্বর হলো—১১০৪৭৩৭৫, ১১০৫৭৫৩০, ১১১৬০২৯২, ১৪০২৪৭৫৬, ১৫০০৩৭৬৫, ১৮০০৩৫৮৪, ১৮০০৭৩৯১ ও ১৮০১০২৮২। গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে উত্তীর্ণ হন ৪ হাজার ৪২ জন। নতুন যুক্ত হওয়া আট পরীক্ষার্থীসহ উত্তীর্ণের সংখ্যা এখন দাঁড়াল ৪ হাজার ৫০।

৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ স্বাস্থ্য ক্যাডারে—সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন। এছাড়া শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৮০ জন, আনসারে ১৪ জন, পরিবার পরিকল্পনায় ৪৯ জন, মৎস্যে ২৬ জন ও গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ পাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading