রাঙামাটি: রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগে ৭% কোটা, ৯৩% মেধা নিশ্চিত করে এবং ৬ দফা দাবি মেনে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজ শেষে কোটা বিরোধী ঐক্যজোট, রাঙামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের ছয় দাবি হলো— ৭% কোটা, ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ; প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগের কারণে শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রশ্নপত্র প্রণয়ন; জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রশ্নপত্র ট্রেজারির মাধ্যমে সংরক্ষণ; পরীক্ষা খাতার মূল্যায়ন জেলা প্রশাসনের অধীনে করা; নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা; এবং পরীক্ষা শেষে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং ঠিকানা প্রকাশ করা।
এ ছয় দফা মেনে নিয়ে নভেম্বর মাসের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জোর দাবি জানান বক্তারা।
এসময় সংগঠনটির পক্ষ থেকে ইমাম হোসেন ইমু, ফজলে রাব্বি এবং মো. জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা নয়, মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে হরতাল পালন করে সংগঠনটি। কোটা বিরোধী ঐক্যজোটের ডাকা হরতালের মতো তীব্র আন্দোলনের মুখে অবশেষে ঘোষিত ২১ নভেম্বর রাঙামাটি জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটা পদ্ধতি সংশোধনে বলা হয়েছে— সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে/কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক ৯৩%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটার কথা বলা আছে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
