নিজস্ব প্রতিবেদক।।
৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণদের মধ্যে শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের সন্তান আব্দুল্লাহ আল রাসেল। তিনি কৃষক সায়েম উদ্দিন ও গৃহিণী কমলা খাতুনের ছেলে।
আব্দুল্লাহ আল রাসেল ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৩ পেয়ে স্নাতক এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে স্নাতোকোত্তর সম্পন্ন করেন।
এর আগে তিনি ২০১৪ সালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদরাসা থেকে মানবিক বিভাগে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে একই মাদরাসা থেকে এইচএসসি (আলিম) পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন।
আব্দুল্লাহ আল রাসেল বলেন, ‘আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। মাদরাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া— এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখে।’
শিক্ষাবার্তা /এ/১২/১১/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
