নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্তকরণ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম আমানুল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক আব্দুল হান্নান, যুগ্মসচিব হেলালুজ্জামান, উপসচিব সায়েদ এ. জেড মোরশেদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অনার্সে ৫ জন, মাস্টার্সে ২ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দ্রুতই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিলে এমপিও নীতিমালা জারি করে এসকল শিক্ষকের এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে।
সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজে উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি রয়েছে সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। এটি আগে থেকেই ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে সকল কলেজে অনার্স-মাস্টার্স চালু রয়েছে সেখানকার সাতজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, আমরা দীর্ঘ ৩২ বছর ধরে বেতন পায় না। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে কোন সরকার অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় নি। কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকায় আমরা আন্দোলন করেছি, বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। যার ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নীতিমালায় অন্তর্ভুক্ত কলার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বর্তমান সরকারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা বিভাগের সমন্বয়ক মোঃ জামির হোসেন বলেন, আর কালক্ষেপণ না করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স কোর্সের ৩৫০০ জন শিক্ষককে একযোগে ও সকল শর্ত শিথিল করে এই নভেম্বর মাসের মধ্যে এমপিওভুক্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোন কালক্ষেপণ করলে শিক্ষকরা আবারো আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
