ঢাকাঃ ইবতেদায়ী মাদরাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে দীর্ঘ ১৪ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষকরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর অভিমুখে লং মার্চ করেন আন্দোলনরত শিক্ষকরা।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে লং মার্চ শুরু হয়।
লং মার্চে অংশ নেন শত শত শিক্ষক। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ‘ইবতেদায়ী শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’,‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’,‘চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশ নাই’,‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’,‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’ ইত্যাদি।
লং মার্চের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
লং মার্চের আগে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।
মাননীয় প্রধান উপদেষ্টাকে সতর্ক করে এনসিপি নেতা বলেন, আপনারা এ মানুষগুলোর সঙ্গে গাদ্দারি করবেন না। এরা জুলাই আন্দোলনের যোদ্ধা। আমাদের দেশ গড়ার কারিগর।
শিক্ষকদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা আপনাদের জায়গায় অবিচল থাকবেন, আপনাদের দাবি আদায় করেন, এ জায়গায় অবস্থান করবেন। আরো যেখানে অবস্থান নেওয়ার দরকার, নেবেন। আপনাদের পাশে আপনাদের এ সমর্থনটা আছে। আমরা পাশে আছি আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, সরকার দ্রুত প্রজ্ঞাপন না দিলে আমরা সারাদেশে ক্লাস-পরীক্ষা বর্জন করবো। দেশব্যাপী সব ইবতেদায়ী মাদরাসায় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচ শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
শিক্ষকদের মূল দাবিগুলো-
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন।
২. ১,০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ।
৩. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
