নিউজ ডেস্ক।।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে ময়মনসিংহ বাইপাস হাক্কানি মোড়ে নর্থসাউথ বাংলা কলেজের শ্রেণিকক্ষে ময়মনসিংহ জেলা ও বিভাগীয় সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিঞা।
বক্তব্যে তিনি বলেন, “বিগত জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও তার দোসররা এখনো শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে সক্রিয় রয়েছে। শিক্ষা উপদেষ্টা ও সচিবসহ ৭/৮ জন সমন্বয়কের উপস্থিতিতে মে মাসের মধ্যে এমপিওভুক্তি ও জুলাই থেকে বেতন প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।”
তিনি আরও অভিযোগ করেন, “শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালার অজুহাতে এমপিওভুক্তি প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে। অথচ সময় খুবই সীমিত—সামনে জাতীয় নির্বাচন, তাই আর বিলম্ব সহ্য করা হবে না।”
সভায় প্রিন্সিপাল সেলিম মিঞা ঘোষণা দেন, ৩০ অক্টোবরের মধ্যে এমপিওভুক্তির প্রজ্ঞাপন প্রকাশ না হলে ২ নভেম্বর থেকে দেশের সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, “এই আন্দোলন হবে জীবনের শেষ সংগ্রাম—হয় মৃত্যু, না হয় বিজয় (এমপিও)। মরলে শহীদ, বাঁচলে এমপিও।”
সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন এবং আন্দোলনের পক্ষে সর্বসম্মত সমর্থন জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
