প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাতের সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাক্ষাতের সময় পরিবর্তন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই সময় পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

জানা গেছে, বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্যান্য নেতারা।

এর আগে একই দিনে দুপুর ১২টার দিকে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করে। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.