এইমাত্র পাওয়া

দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি ষষ্ঠের সুপারিশ না পাওয়া চাকরিপ্রার্থীদের

ঢাকাঃ দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ষষ্ঠে সুপারিশ না পাওয়া চাকরিপ্রার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

এ সময় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২১৩ প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি মেনে নেওয়ায় এনটিআরসিএর চেয়ারম্যানকে ধন্যবাদ জানান চাকরিপ্রার্থীরা।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীরা বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২১৩ জন প্রার্থী দীর্ঘ সময় ধরে নিয়োগের দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন করে এসেছি। তারা ন্যায্য দাবিগুলো তুলে ধরে এনটিআরসিএ সহ সংশ্লিষ্ট সব দপ্তরে একাধিকবার আবেদন করেছি। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, এনটিআরসিএ চেয়ারম্যান সঙ্গে একাধিকবার মিটিং করেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ ইতিবাচক বার্তা পেলেও এনটিআরসিএ কর্তৃপক্ষ থেকে প্রথম দিকে ইতিবাচক বার্তা না পাওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছিলাম। তবে সর্বশেষ গত ১৩ অক্টোবর এনটিআরসিএ কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ সময় চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দুই দফা দাবি জানানো হয়।

এক. ২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশবঞ্চিত ১৬,২১৩ জনকে নিয়োগ দিতে হবে।

দুই. নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.