অনশনে অসুস্থ জগন্নাথ হলের জিএস

অনলাইন ডেস্ক :
সরস্বতী পূজার দিনে ঢাকার ২ সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে কর্মসূচি পালন করছে।

জানা গেছে, এদিন সকালে কাজল দাস অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৯টার দিকে অনশনস্থলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এসময় আরও কয়েকজন অসুস্থের খবর পাওয়া গেছে। অনশনে অংশ নেয়া সুষ্ময় দাস নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের অনশন চলছে এবং চলবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মানা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। প্রসঙ্গত, গত মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার মুখোমুখি হন। পরে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা। পরে বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন একদল শিক্ষার্থী।

জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস ও জিএস কাজল দাসের নেতৃত্বে প্রায় অর্ধশত শিক্ষার্থী সেখানে অনশন করছেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.