ঢাকাঃ উচ্চশিক্ষার জন্য বর্তমানে অনেক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। দেশটিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ দেয়। এরইমধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৬০০টি গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এই সুযোগের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিতে ভর্তি হতে পারবেন।
১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন শহরে অবস্থিত। গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার মানের জন্য প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে স্বীকৃত এবং নিয়মিতভাবে বৈশ্বিক র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।
সুযোগ-সুবিধা
বৃত্তিপ্রাপ্ত স্নাতকোত্তর শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত এবং পিএইচডি শিক্ষার্থীরা চার বছর পর্যন্ত সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা পাবেন। পাশাপাশি জীবনযাপনের খরচ হিসেবে প্রতিবছর আনুমানিক ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতা দেওয়া হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন অনুদান ও ভ্রমণ ভাতাও পাবেন।
যোগ্যতা
বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের একাডেমিক ফলাফল হতে হবে চমৎকার। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক।
অধ্যয়নের ক্ষেত্র
স্থাপত্য ও নকশা, কলা ও মানবিকবিদ্যা, ব্যবসা ও অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, পরিবেশ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, আইন, সংগীত ও শিল্পকলা, বিজ্ঞান, পশুচিকিৎসা, কৃষি এবং খাদ্যবিজ্ঞানসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
সময়কাল
স্নাতকোত্তর গবেষণা ডিগ্রির মেয়াদ ২ বছর ৫ মাস, আর পিএইচডি ডিগ্রির মেয়াদ ৪ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল