এইমাত্র পাওয়া

খুলনাতে এক লাখ ৭২ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেয়া হবে

খুলনাঃ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় এক লাখ ৭২ হাজার তিনশত ৭০ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫।’

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের কমিশনার ও কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার।

তিনি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সকল শিশু যেন টিকা নিতে পারে তা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা নেয়া যাবে।

তিনি আরও জানান, এই টিকা শতভাগ নিরাপদ ও পরীক্ষিত। সুস্থ-সবল জাতি গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেসিসি এলাকায় ৫৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহ (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে টিকা দেয়া হবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে এক ডোজ করে টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইনে অংশ নেবেন ২৫২ জন টিকা দানকারী, ৩৫০ জন স্বেচ্ছাসেবক, ৬২ জন প্রথম সারির সুপারভাইজার, ৮ জন দ্বিতীয় সারির সুপারভাইজার, ৪ জন কোল্ড চেইন ম্যানেজার এবং ৪ জন আইটি ম্যানেজার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টাইফয়েড টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.