পিরোজপুরঃ পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এই প্রতিবাদ জানান তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানায়। তারা বলে, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।
গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র সহকারী শিক্ষক অসীম কুমারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন। পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ ওঠে। এতে বিপুল মিত্রের দুই পা ও ডান হাত ভেঙে যায়। সহকারী শিক্ষক অসীম কুমারও এ সময় আহত হন বলে জানা যায়।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে থানা সূত্র জানিয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
