নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি আগেই জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
তরুণদের কাছে বিসিএস শুধু একটি পরীক্ষা নয়, এটি ভবিষ্যতের স্বপ্নপূরণের পথ। সেই স্বপ্নের প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
ক্যাডার পদ কত—
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি; অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে। তবে পদসংখ্যা তুলনামূলক বেশি হলেও প্রতিযোগিতা যে কঠিন হবে, তা আগেই অনুমান করছেন অনেক চাকরিপ্রার্থী। কারণ, আবেদনকারীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে এবং যোগ্য প্রার্থীর ভিড়ও হচ্ছে ঘন।
পিএসসি ইতিমধ্যে এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সেই ধারাবাহিকতায় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
এর আগেই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৩ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করেছিল কমিশন। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় ৯ মে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
