ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ক্যাম্পাস থেকে মাদকাসক্ত, মানসিক সমস্যা যুক্ত ও ভবঘুরে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে এ অভিযান শুরু করা হয়।
ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারীর (এবি জুবায়ের) নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে যুবাইর জানান, ক্যাম্পাস এলাকাকে মাদকাসক্ত, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের থেকে মুক্ত করতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, এস্টেট অফিস ও ডাকসুর সমন্বয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। সেই সঙ্গে ধারালো ছুরি, ব্লেড, কাঁচিসহ বিভিন্ন অস্ত্র পাওয়া যায়। এগুলোসহ একজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে যুবাইর বলেন, ‘এ অভিযান সাময়িক। আমরা দীর্ঘস্থায়ী সমাধানের পথে হাঁটছি। এরই মধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারেন, এমন মানুষ যেন ক্যাম্পাস এলাকায় ঢুকতে না পারেন সে ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা। কিন্তু এটা যেহেতু একটু সময়সাপেক্ষ ব্যাপার, তাই পুরোপুরি বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না ভুগেন সেই লক্ষ্যেই পরিচালিত হয় আজকের এ অভিযান।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
