ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় হার্ট অ্যাটাকে তরিকুল ইসলাম শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী সোহেল রানা জানান, কার্জন হলের ভেতরে লাইভ করছিলেন তরিকুল শিবলী। হঠাৎই তিনি অচেতন অবস্থায় পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুরে। তিনি ওই এলাকার এ কে এম শাহিদুল্লাহর সন্তান। থাকতেন উত্তরার দিয়াবাড়ি এলাকায়। তিনি দুই কন্যার জনক।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
