ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে এক করে দেখা যাবে না। তবে ডাকসু ও জাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ‘ডাকসু নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের একটি মডেল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে তার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, “ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। এ পর্যন্ত আইন-শৃঙ্খলার অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি, যা নিঃসন্দেহে আনন্দের বিষয়।”
উপদেষ্টা আরও জানান, ডাকসু ও জাকসুসহ আসন্ন সব নির্বাচনই জাতীয় নির্বাচনের মডেল হিসেবে ধরা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতের এসব নির্বাচনও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থার মধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে। প্রধান উপদেষ্টার ঘোষণামতে ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
