এইমাত্র পাওয়া

ডাকসু নির্বাচন: ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জিএস পদের প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সরে দাঁড়ালেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান।

শনিবার (৬ সেপ্টেম্বর) আরিয়ান তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই পদের বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী ও তার ডিপার্টমেন্ট বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

কারণ হিসেবে আরিয়ান তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, আমার শরীরও ভালো নেই, পাঁচদিন ধরে বেডে পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে!

তিনি উল্লেখ করেন আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি, ক্লাবের মাধ্যমে আমার একটা সুযোগ আছে কিছু দিয়ে যাওয়ার শিক্ষার্থীদের। পাশাপাশি আমার অরাজনৈতিক টার্মটাও এখানে বেশি রেলিভেন্ট ডাকসু থেকে, আর রাজনীতিতে চলমান ভাঙা গড়ার দ্বন্দ্বে আমি একদম আর সামনে এগোতে চাচ্ছি না। ক্লাবের সবার আসলে আমার প্রতি একটা তীব্র আশা আকাঙ্ক্ষার জায়গা আছে, তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই!

এছাড়া আমি মাস্টার্সের নিয়মিত ছাত্র, ক্লাস পরীক্ষার চাপও ভালোই, সঙ্গে রিসার্চার হিসেবে কাজ করছি একটা কোম্পানিতে! নিজের একটা ছোটোখাটো স্টার্টআপ শুরু করেছি। সবমিলিয়ে আমি স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত। আমার সামনে কয়েকটা রিসার্চ পেপার সাবমিশনের ডেডলাইনও আছে! এর বাইরে আমি খুব গভীরভাবে ভেবে দেখলাম কতটুকু কী অবদান রাখতে পারবো নির্বাচিত হয়ে আসলেও।

প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকার কথা উল্লেখ করে আরিয়ান লেখেন, যেহেতু এখন আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, আনঅফিসিয়ালি ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার ফোকাসের কথা মাথায় রেখে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি! আমি আমার ডিপার্টমেন্টের বন্ধু শোয়েবকে নৈতিক সমর্থন দিচ্ছি। সবাই আমার ও তার জন্য মন ভরে দোয়া করবেন!

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.