১৫ হাজার নার্সের পদ তৈরি হচ্ছে

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতায় ১৫ হাজার নতুন পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নার্স ১০ হাজার এবং মিডওয়াইফারি পদ ৫ হাজার। সেই সঙ্গে সরকারি হাসপাতালগুলোয় আগামী ২ মাসের মধ্যে আউটসোর্সিং জনবল নিয়োগে ব্যর্থ সিভিল সার্জনদের প্রত্যাহার করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বাস্তবায়ন করতে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (অভ্যন্তরীণ প্রশাসন ও শৃঙ্খলা) আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালককে (প্রশাসন) সদস্য সচিব করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাক্ষরিত কার্যপত্রে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের শূন্যপদ পূরণের বিষয়ে গত ২৬ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সাড়ে ৪ হাজার নার্সের শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করবেন। এর পাশাপাশি নতুন করে সিনিয়র স্টাফ নার্স পদে ১০ হাজার এবং মিডওয়াইফারি পদে ৫ হাজারসহ ১৫ হাজার পদ সৃজনের ব্যবস্থা করবেন।

এ ছাড়া যেসব পদের নিয়োগবিধি সংশোধনের প্রয়োজন, তা আগামী এক মাসের মধ্যে সংশোধন করতে অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ প্রশাসন ও শৃঙ্খলা) ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে টারশিয়ার, জেলা ও উপজেলা হাসপাতালগুলোয় সব আউটসোর্সিং নিয়োগ আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। যেসব নিভিল সার্জন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হবেন, তাদের প্রত্যাহার করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.