ভোলাঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান করার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক পরিপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ভোলায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিডাকগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৫/০৭/২০২৫ তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং ০৮/০১.০০০০.১০৭.০০.০০১.২০২৫, তারিখ-১৭/০৭/২০২৫-এ জারিকৃত পরিপত্রের মাধ্যমে এ বছরের বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। এতে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৭০ লাখ শিক্ষার্থী পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে।
শিক্ষক নেতারা বলছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। হঠাৎ করে এ সুযোগ থেকে তাদের বঞ্চিত করা বৈষম্যমূলক ও জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। তারা আরও বলেন, বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার্থীর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। কোনো শিক্ষার্থী যদি শুধুমাত্র বিদ্যালয়ের ধরণ ভিন্ন হওয়ার কারণে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে তা তার মানসিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকরা অবিলম্বে পরিপত্রটি প্রত্যাহার করে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখা সভাপতি মো: আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিউর রহমান কলেজ সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মুহা. ইসরাফীল আলম, আদর্শ একাডেমীর অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ চৌধুরী, খন্দকার ফজলে রাব্বি, আমিরুল মোমিনিন মমিন, আব্দুল মান্নান টুটুল, আব্দুর রহিম নাজিম, খন্দকার ফজলে রাব্বি প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
