এইমাত্র পাওয়া

ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব ও কার্যক্রম অন্তর্ভুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

ঢাকাঃ ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব ও কার্যক্রম অন্তর্ভুক্ত হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ সংক্রান্ত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। এই কমিটি ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ আকারে প্রস্তাব দিতে পারে।

পাঠ্যসূচিতে ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অন্তর্ভূক্ত করার বিষয়ে ইসি সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে- ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল। নাগরিকদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা প্রাপ্তিতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিষয়টি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক হবে। এজন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া, এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু সংযুক্ত করা প্রয়োজন।

এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, শিশু ও কিশোররা যাতে এখন থেকেই ভোটার তালিকা ও এনআইডি’র গুরুত্ব বুঝতে পারে তাই এই পরিকল্পনা করা হচ্ছে।

২০১৬ সালেও একবার এই উদ্যোগ নিয়েছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই সময়কার এ সংক্রান্ত কমিটির সদস্য সচিব (তৎকালীন সিনিয়র সহকারী সচিব) ফরহাদ হোসেন বলেন, মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান বই-তে সে সময় অন্তর্ভুক্ত হয়েছিল ভোটার তালিকা, আচরণ বিধি প্রভৃতি। তবে উচ্চমাধ্যমিক পর্যায় এবং শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে আর অন্তর্ভুক্ত করা যায়নি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading