মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষার্থী সাদের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকাঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদ সালাহউদ্দিনের কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা। পরে বিমান দুর্ঘটনায় সকল আহত ও নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ ছিল সাদ। দুর্ঘটনার পর থেকেই তার খোঁজে পরিবারের সদস্যরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন।

শেষ পর্যন্ত সন্ধ্যার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাওয়া যায় সাদের নিথর দেহ। সেখান থেকে উদ্ধার করে এনে তাকে জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।

আট বছর বয়সের সাদ পড়ত মাইলস্টোন স্কুলের বাংলা মিডিয়ামে, তৃতীয় শ্রেণিতে। বাবা-মায়ের আদরের পুত্রসন্তান ছিল সে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তার বাবা। প্রিয় ছেলেকে হারিয়ে এখন শোকে পাথর হয়ে গেছেন তার বাবা-মা। সাদের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামেও।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.