এইমাত্র পাওয়া

বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

লালমনিরহাটে ঢাকাগামী শাহ আলী পরিবহনের একটি বাস থেকে জোর করে নামাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শাহীন আলম (২৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টায় হাতিবান্ধা উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বুড়িমারী-লালমনিরহাট সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

নিহত শাহীন আলম উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দালালপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে বড়খাতা বিডিআর বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা শাহ আলী পরিবহন থেকে তাকে জোরপূর্বক নামিয়ে দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক বাসটিকে স্থানীয় মিলনবাজার এলাকায় আটক করে স্থানীয়রা। এ সময় বুড়িমারী-লালমনিরহাট সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশ বাস চালককে আটক করে থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বাস চালককে আটক করা হয়েছে। বর্তমানে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading