কুর্মিটোলায় সড়ক অবরোধ করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বান্ধবীর বাসায় যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তার সহপাঠীসহ শিক্ষার্থীরা। অপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে রাজধানীর কুর্মিটোলায় ঘটনাস্থলের সামনে সড়ক অবরোধ করে তারা সোমবার মানববন্ধন করেছেন। সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে করে শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসেন। তারা ব্যানার নিয়ে মানববন্ধন করেন। পরে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জড়ো হয়ে রাস্তায় শুয়ে পড়েন। ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও ধর্ষককে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’—স্লোগান দিচ্ছেন তাঁরা। ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। রোববার গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.