ময়মনসিংহঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বুধবার (৯ জুলাই) সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা অবরোধ শেষে জেলা প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে ৩টায় তারা সড়ক ছেড়ে দেন।
সকাল ১০টা থেকে নগরের রহমতপুর বাইপাস মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর ও ঢাকাগামী দিঘারকান্দা বাইপাস সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, দেড় মাস ধরে আন্দোলন করে আসছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে দেশের প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে বিআইটি গঠনের দাবি জানিয়ে আসলেও প্রশাসন কোনো কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নেমেছেন।
অবরোধ চলাকালে পুলিশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলেও তারা অনড় অবস্থানে থাকেন। পরবর্তীতে জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং আগামী সোমবারের মধ্যে আলোচনায় বসার আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা আলোচনা না হলে ফের আন্দোলনে নামার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন।
এক শিক্ষার্থী বলেন, ‘দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে কোনো ফল না পেয়ে আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি। এবারও আশ্বাসে কিছু না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
