নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে (Entry Level)-এ শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন-এর ক্ষেত্রে আগের জারি করা পরিপত্রে কিছু পরিবর্তন এনে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তিত পরিপত্র অনুযায়ী, এনটিআরসিএ’ কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভি-আর ফরম প্রাপ্তির পর তা আর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেরণ করা লাগবে না।
বুধবার (০৯ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানা গেছে।
পরিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে গত ২৫/০১/২০২৪ খ্রি: তারিখে জারিকৃত পরিপত্র নং-৩৭.০০.০০০০.০৭৩.৪৪.০১৭.১৯.১৯ এর পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত অনুচ্ছেদ ৫.১.“বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভি-আর ফরম প্রাপ্তির পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি-আর ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না” অংশটুকু নিম্নরূপ পরিবর্তিত হবে-
“বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম প্রাপ্তির পর তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সরাসরি স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না”।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন চলছে। আবেদন শেষ হলেই নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি-আর ফরম করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
