ঢাকাঃ দীর্ঘ ১৭ বছর পর জিয়াউর রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেমিনার করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ সেমিনার আয়োজন করেছে বিএনপি সমর্থিত ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল।
বুধবার সন্ধ্যায় ঢাবি ক্লাবে আয়োজিত মিট দ্যা প্রেসে এ তথ্য জানান সাদা দলের নেতারা।
সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি শিরোনামে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
এসময় ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে কারো কোন প্রশ্ন নাই। তিনি খুব সাধারণ জীবন যাপন করেছেন। এ সেমিনারে শিক্ষার্থীরা তার জীবন সম্পর্কে জানতে পারবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ, জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আসলাম হোসেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সদস্য সচিব অধ্যাপক এম এ কাউসার প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
