নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিসিএস জট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি রোডম্যাপ ঘোষণা করেছে। এতে তিন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা জানানো হয়।
মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, কমিশন চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ কমানোর লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ ২০২৫ খ্রিস্টাব্দের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে।
ওই সময়ের মধ্যে তিনটি বিসিএসর (৪৪তম, ৪৫তম এবং ৪৮তম) চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এই লক্ষ্যে কমিশন আগামী ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি দেবে। যাদের একইসঙ্গে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে তাদের ওই পরীক্ষার এক মাস আগে বা এক মাস পর ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কোনো প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয় সেই লক্ষ্যে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএসকে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
২৭ মে বিশেষ বিসিএসের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএসর (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।
ওই বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে।
পিএসসি জানায়, নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লিখিত পরীক্ষা তারিখগুলো অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
