নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার। শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ করে তুলতে শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ এই বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ বরাদ্দ চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আগামী অর্থবছরের বাজেটের জন্য মৌলিক কিছু প্রস্তাব উপস্থাপন করে দলটি। এসময় এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, টাকার অঙ্কে শিক্ষাখাতে বাজেট বাড়লেও জিডিপি অনুপাতে তা বাড়ে নাই। শিক্ষাখাতে আমরা মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ বরাদ্দ চাই। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যৌক্তিকভাবে এবং প্রয়োজনীয়তার নিরিখে এই বাজেট বরাদ্দ করতে হবে।
এরমধ্যে অগ্রাধিকার থাকতে হবে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ করে তুলতে শিক্ষকদের বেতন বৃদ্ধি, প্রাথমিক এবং এবতেদায়ী শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি এবং ভৌত অবকাঠামো নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, সরকারি পর্যায়ে সহ-শিক্ষা এবং সৃজনশীল শিক্ষাকার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উপজেলা পর্যায়ে আধুনিক বিজ্ঞান গবেষণাগার এবং পাঠাগার চালু, অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল চালু, সরকারি খরচে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের জন্য মানসম্মত বিশেষ টয়লেট নির্মাণ, মেডিক্যাল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দূর করা, শিক্ষার্থীদের আবাসন সংকটের সমাধান, উচ্চ শিক্ষায় গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি, উপবৃত্তির পরিমাণ ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা, ক্রীড়া শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা ইত্যাদি।
তিনি আরও বলেন, ৭ কলেজকে নিয়ে ‘জুলাই বিশ্ববিদ্যালয় চালু করতে সরকারের প্রতি আমরা আহবান জানাচ্ছি। দেশব্যাপী বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক পরাহ, গণিত, ফিজিক্স, ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড আয়োজন করা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রোবটিক্স এবং আর্টিফিশিয়াল বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা নিয়ে বাজেটে নজর দিতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
