নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে এমফিল ও পিএইচডি ডিগ্রি চালু হতে যাচ্ছে। এতে দেশের ফাজিল, কামিল মাদরাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এমফিল-পিএইচডি করার সুযোগ পাবেন।
বুধবার (২৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৩নং ভবনের সভাকক্ষে ‘এমফিল (মাস্টার অব ফিলোসফি) ও পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) প্রবিধান (নীতিমালা) ২০২৩’ অনুযায়ী গঠিত উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম বলেন, খুব শিগগির ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল ও পিএইচডির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মান রক্ষা করা হবে।
তিনি বলেন, বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতা চুক্তি ও বিশেষজ্ঞ গবেষকদের মতামত গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে দেশের কামিল পাস করা শিক্ষার্থীরাসহ সর্বস্তরের গবেষকরা গবেষণা করার সুযোগ পাবেন। মাদরাসা শিক্ষার্থীদের স্বপ্ন ছিল উচ্চতর গবেষণা করার, সেটা আমরা বাস্তবায়ন করবো।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আবু জাফর খান, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ওলী উল্লাহ, ফাজিল গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার আইয়ুব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
