নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে বদলি ককরে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে সরকার। এর আগে তার বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে নাদিরার শাস্তি দাবি করে আসছিল হেফাজতে ইসলাম।
সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসবিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
এর আগে গতকাল রবিবার নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম নরসিংদী জেলা। ওই বিক্ষোভে হেফাজত নেতারা নাদিরার বিরুদ্ধে ইসলামবিরোধী আইনের কথা বলার অভিযোগ করেন।

বদলি আদেশটি নিজের ফেসবুকে পোস্ট করে নাদিরা ইসলাম লিখেছেন, আমাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। আমার সাথে করা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম।
এদিকে নাদিরা ইয়াসমিনকে বদলির ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি এই সিদ্ধান্ত বদলের আহ্বান জানিয়েছেন।
নাদিরা ইয়াসমিনের বদলি আদেশ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে সামান্তা শারমিন বলেন, মবের দৌরাত্ম্যে আত্মসমর্পণ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত দ্রুত বদল করা হোক।
এর আগে, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা ও তাকে হুমকি দেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে বিবৃতি দিয়েছেন দেশের ১৪৭ বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে বলা হয়, নাদিরা ইয়াসমিন একজন শিক্ষক, গবেষক ও সমাজ সচেতন নাগরিক, যিনি দীর্ঘদিন ধরে নারী অধিকার, সমতা ও মানবিক মর্যাদার পক্ষে কাজ করে আসছেন। এতে আরও বলা হয়, তার নেতৃত্বে গড়ে ওঠা ‘নারী অঙ্গন’ সংগঠনটি অনেক নারী শিক্ষার্থীর আত্মপ্রত্যয় গঠনে ভূমিকা রেখেছে যেখানে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালিত হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
