নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯৩ শতাংশ শিক্ষার্থী।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে ফলাফল হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী- এ বছর তিন বর্ষে মোট এক লাখ ১৭ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ ৯ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার প্রথম বর্ষে ৯০ দশমিক ৪৮ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৬ দশমিক ৫৫ শতাংশ।
এদিকে, মেধাতালিকায় প্রথম বর্ষে পিরোজপুরের ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসা এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে।
ফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, কোষাধ্যক্ষ এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) মোছাব্বির মোহাম্মদ মুছা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. রফিক আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৪ জানুয়ারি থেকে ফাজিল পরীক্ষা শুরু হয়, যা শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি। আড়াই মাস পর এ পরীক্ষার ফল প্রকাশ করা হলো। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iau.edu.bd পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
