নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের শিশুকাল থেকেই পঠন অভ্যাস গড়ে তোলা, তাদের ভাষাজ্ঞান অর্জন, শব্দভান্ডার বৃদ্ধি, চিন্তা, বোধশক্তি ও সৃজনশীলতার বিকাশ এবং মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিশু-কিশোরদের উপযোগী সহায়ক পুস্তকের তালিকা প্রণয়নের লক্ষে ৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। গত ৮ মে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, ক. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী শিশুতোষ পাঠ্যপুস্তক নির্বাচন, নির্বাচিত শিশুতোষ পাঠ্যপুস্তকের নাম, লেখকের নাম, প্রকাশকের নাম ও মূল্যসহ নূন্যতম ২০০টি পুস্তকের তালিকা প্ৰণয়ন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়ে সময়ে তালিকা হালনাগাদকরণ ও সম্প্রসারণ, কমিটির সদস্যগণ প্রয়োজনে কোনো বিশেষজ্ঞকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে, কমিটির সদস্যগণ সরকারি সিদ্ধান্ত মোতাবেক সম্মানী প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
কমিটির আহ্বায়ক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) মোঃ সাখাওয়াৎ হোসেন এবং
সদস্য-সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার (মহাপরিচালকের দপ্তর) মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সদস্য করা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক ড. অনিন্দ্য ইকবাল, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর ভৌত বিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল (সাহিত্যিক), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হামিম কামরুল হক, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জের সহযোগী অধ্যাপক শফিক ইসলাম, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের সহযোগী অধ্যাপক বীথি ঘোষ (সংস্কৃতি কর্মী), গণশিক্ষা উপদেষ্টার সহকারী একান্ত সচিব আবিদ সরকার সোহাগ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
