এইমাত্র পাওয়া

খু নি হাসিনার বিচার আমরা দেখতে চাই- নাহিদ

নিজস্ব প্রতিবেদক।।

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য জাতীয় সংসদ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। আমরা গণভবন জয় করেছি। এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদ্‌যাপন হবে।

রোববার (৬ জুলাই) রাতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। আমার ভাই আবু সাঈদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না। ছিল সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন।

কিন্তু ৫ আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বলে জানান তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা স্বীকার করছি, আমাদের ভুল হয়েছিল। আমাদের সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজকে আমরা শপথবদ্ধ, এই ভুল আমরা আর করব না। আমরা আর সুযোগ দেব না।

স্বৈরতন্ত্রের, পরিবারতন্ত্রের অবসানের মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাহিদ বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা, বিচারের সুরাহা হতে হবে। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। সংস্কার দেখতে চাই। নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান।

তিনি বলেন, যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইয়ের কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই।

তাদের দেখিয়ে দিতে হবে, ৩ আগস্ট আবার মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শিক্ষাবার্তা /এ/০৭/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.