বই প্রদানে অর্থ আদায়, প্রধান শিক্ষককে দন্ডাদেশ

দিনাজপুরের বিরলে বিনা মূল্যের বই প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগে ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দীনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিরল উপজেলা চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোয়াইব দন্ডাদেশ প্রদান করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোয়াইব কানদেবপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে ছাত্র/ছাত্রীদের নিকট থেকে জানতে পারেন যে প্রধান শিক্ষক সেলিম উদ্দীন ৭ম শ্রেণির শিক্ষার্থী প্রতি ২০০ টাকা, ৮ম শ্রেণির ৩০০ টাকা ও ৯ম শ্রেণির ৩৫০ টাকা আদায় করেছে। পরে প্রধান শিক্ষক সেলিম উদ্দীনকে উপজেলা পরিষদে নিয়ে আসে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবের মোঃ সোয়াইব জানান, সরকারি কর্তব্যে অবহেলা ও সরকারি পরিপত্র অমান্য করে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের বই বিতরণে অর্থ আদায় করায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রধান শিক্ষক সেলিমকে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন তিনি। জরিমানার অর্থ আদায় করে তাঁকে ছেড়ে দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। অভিবাবক জাহেদুল ইসলাম জানান, এই প্রধান শিক্ষকের আগেও উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলন করায় মামলা করা হয়েছে। এখনও সেই মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক সেলিমের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি এবং ক্ষুদে বার্তার কোন প্রতিউত্তর না দেয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.